রাজশাহী সরকারি সিটি
কলেজে ভর্তি প্রক্রিয়ায়
ছাত্রলীগের বাধা, ভাংচুর
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২১:৫৩
রাজশাহী কলেজ ও নিউ গভ. ডিগ্রি কলেজের পর এবার সরকারি সিটি কলেজের ভর্তি প্রক্রিয়ায় বাধাসহ হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও কলেজের শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২ ঘন্টা কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ ছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর দুপুর একটার দিকে আবারো ভর্তির কার্যক্রম শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ১০টায় রাজশাহী সরকারি সিটি কলেজে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। বেলা ১১টার দিকে সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন রবিন ও সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাইমের নেতৃত্বে ৩০/৩৫ জন ছাত্রলীগের নেতাকর্মী ভর্তি কক্ষে হামলা চালায়। এসময় তারা ওই কক্ষের চেয়ার-টেবিল ভেঙ্গে তছনছ করে।
এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি রবিন অভিযোগ করেন, ‘ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা ভর্তি বাতিল করেছে, কলেজ কর্তৃপক্ষ তাদের টাকা ফেরত দিতে গড়িমসি করছে। এ কারণে কলেজে ভাংচুর করা হয়েছে।’ তবে কলেজ অধ্যক্ষ কবিরুল ইসলাম বলেন, ‘অবৈধ সুযোগ-সুবিধা না দেয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজে হামলা করেছে।’