শীতে কক্সবাজারে পর্যটন উত্সব

দশ সাংবাদিককে ফেলোশিপ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শীত মৌসুমে কক্সবাজারে জাতীয় পর্যটন কর্মসূচি কার্নিভাল উদযাপিত হবে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মাধ্যমে দেশের সম্ভাবনাময় এ খাতটিকে বিকশিত করাই হবে এই কার্নিভালের লক্ষ্য। বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পর্যটন বোর্ড এবং এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত সাংবাদিকতায় পর্যটন ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান খান কবির, এটিজেএফবি’র আহবায়ক নাদিরা কিরণ, মনিটর পত্রিকার সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, এটিজেএফবি সদস্য সচিব তানজিম আনোয়ার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এর আগে মন্ত্রী পর্যটন শিল্পের ওপর বিশেষ রিপোর্টিংয়ের জন্য ১০ জন সাংবাদিকের মধ্যে পর্যটন ফেলোশিপ ২০১৪ এর সনদপত্র ও বিশেষ সম্মাননা বিতরণ করেন । সনদপত্র ও বিশেষ সম্মাননা প্রাপ্তরা হলেন, বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক মনজুরুল ইসলাম, ইনন্ডিপেনডেন্ট টিভি‘র সিনিয়র রিপোর্টার মশিউর রহমান, বিডি নিউজ ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার আশিক হোসেইন, সময় টিভি‘র সিনিয়র রিপোর্টার সঞ্জীব রায়, বাংলানিউজ ২৪ ডটকমের ইশতিয়াক হুসাইন, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার আজাদ সোলাইমান, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিউল্লা সুমন, ডেইলি স্টারের বিজনেস রিপোর্টার গাজী তৌহিদ আহমেদ এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার কামরুন নাহার।