বিজিএমইএ সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২২:৪৬
পোশাক শ্রমিক নির্যাতনের অভিযোগ করে মার্কিন কংগ্রেসের কাছে চিঠি পাঠানোকে ‘রাষ্ট্রদ্রোহ’ আখ্যা দিয়ে তাদের বিচার করার বিষয়ে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতির বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডেপুটি মুখপাত্র মারি হার্ফ এ কথা বলেন।
মারি হার্ফ বলেন, এই ধরনের বিবৃতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তা যদি সত্যি হয়, তাহলে তা খুবই জঘন্য এবং কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার সুনাম রয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা ও সংগঠিত হবার সুযোগ রয়েছে। এ অবস্থায় এমন হুমকি অথবা ভীতি প্রদর্শনের মাধ্যমে সুশীল সমাজের মুখ বন্ধের চেষ্টা হলে তার দায় সব বাংলাদেশিকেই নিতে হবে।
উল্লেখ্য, গত ১০ জুন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের যুক্তরাষ্ট্র সফরের সময় বাংলাদেশ থেকে পাঠানো একটি চিঠি দেখিয়ে শ্রমিক নির্যাতনের অভিযোগ তোলেন কয়েকজন মার্কিন কংগ্রেসম্যান। গত সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম এ বিষয়ে বলেন, এদেশে আইন আছে, আদালত আছে। তারপরও কাউকে না জানিয়ে যারা বিদেশে এ ধরনের অভিযোগ করে তাদের রাষ্ট্রদ্রোহিতার দায় নিতে হবে। চিঠিটি পাঠান ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (এনজিডব্লিউএফ) সভাপতি আমিরুল হক আমিন। সংগঠনটি ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সদস্য।