বাগেরহাটে ব্যবসায়ী হত্যা মামলায় ছয়জনের ফাঁসি

মোরেলগঞ্জের চিংড়ি ঘের ব্যবসায়ী জাফর জমাদ্দারকে হত্যার দায়ে দুই সহোদরসহ ৬ জনকে ফাঁসি এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান এ রায় ঘোষণা করেন। একই সাথে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের নির্দেশ এবং এই মামলা থেকে ৫ জনকে বেকসুল খালাস দিয়েছে আদালাত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি উপজেলার বেতবুনিয়া গ্রামের আফজাল খান আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন উপজেলার ফুলহাতা গ্রামের হাসমত আলীর দুই ছেলে হাবির হাওলাদার ও মোস্তফা হাওলাদার, পূর্ব বহরবুনিয়া গ্রামের আব্দুল শহিদ ফরাজীর ছেলে বেল্লাল ফরাজী, মৃত হোসেন মল্লিকের ছেলে শহিদ মল্লিক, ছাপড়াখালী গ্রামের রুস্তম আলীর ছেলে আলী আজম ফরাজী ও আবেদ খানের ছেলে লাবলু খান। এছাড়া ছাপড়াখালী গ্রামের মাহামুদ আকনের ছেলে আনসার আকন যাবজ্জীবন দণ্ড পেয়েছেন। ২০০৩ সালের ১৫ জুলাই উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের সূর্যমুখী খালের পাড়ে আসামিরা জয়নাল জমাদ্দারের ছেলে ঘের ব্যবসায়ী জাফর জমাদ্দারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম বাদি হয়ে ১৩ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।