যথাযথ শ্রদ্ধায় পালিত হলো শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৬ জুন ২০১৪, ২২:৪৮
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাহানারা ইমামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে ঘাতক-দালাল নির্মূল কমিটি। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল ৯টায় শহীদ জননীর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এসময় শহীদ জননীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ জননী জাহানারা ইমামের ২০তম মৃত্যুবার্ষিকী এবং চরমপত্র খ্যাত এমআর আখতার মুকুলের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগঠনের গুলশান কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। সংসদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোবারক আলী শিকদার, সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জামান, সহ-সভাপতি অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, ড. ইনামুল হক, খায়রুল আলম সবুজ প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, শহীদ জননী জাহানারা ইমাম যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিভিন্ন আন্দোলন করেছেন তখন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তার প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা চিরদিন তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে।