গোপালগঞ্জে আর্সেনিক মুক্ত পানি পাচ্ছে চার লাখ মানুষ

খোন্দকার এহিয়া খালেদ, গোপালগঞ্জ

আর্সেনিকপ্রবণ গোপালগঞ্জ জেলায় আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পাচ্ছেন চার লাখ মানুষ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চলতি অর্থবছর আর্সেনিক নিরসন প্রকল্পের আওতায় এ জেলার পাঁচ উপজেলায় ৩৫৯৫টি আর্সেনিক মুক্ত নিরাপদ পানির উত্স স্থাপন করেছে। এখান থেকে চার লাখ মানুষ সুপেয় পানি পাচ্ছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার বণগ্রাম দক্ষিণপাড়া গ্রামের রুবিয়া বেগম বলেন, আমাদের এলাকার পানিতে আর্সেনিক ও আয়রণ ছিল। এ পানি আমরা পান করতে পারতাম না। এখন সরকার আমার বাড়িতে কল দিয়েছে। এ কল থেকে আশপাশের ২০টি পরিবার পানি নিচ্ছে। এসব পরিবারের ১শ সদস্য এ পানি পান করছে।

সদর উপজেলার বলাকইড় গ্রামের লিয়াকত হোসেন মোল্লা বলেন, আর্সেনিক মুক্ত নিরাপদ সুপেয় পানি পেয়েছি। এ পানিতে জীবন বাঁচছে। এজন্য আমরা খুবই খুশি।

গোপালগঞ্জ সদর উপজেলার শিবপুর গ্রামের হনুফা বেগম বলেন, আগে পাঁচ/ছয় কিলোমিটার দূর থেকে পানি আনতে হতো। এ বছর সরকার আমার বাড়িতে কল দিয়েছে। বাড়ি বসেই নিরাপদ সুপেয় পানি পাচ্ছি। এতে পানি আনার কষ্ট কমেছে।

গোপালগঞ্জ সদর উপজেলার নখড়িরচর গ্রামের আলেয়া বেগম বলেন, আগে নদী, খাল, পুকুরের পানির সঙ্গে কেনা পানি খেতাম। এখন বাড়িতে কল পেয়েছি। এ কলের পানি খাই।

গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার বলেন, পুরো জেলায় আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহে ১০ হাজার পানির উত্স স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে ৩৫৯৫টি উত্স স্থাপন করা হয়েছে। এখান থেকে চার লাখ মানুষ সুফল পাচ্ছেন। আরো ৬৪০৫টি উত্স স্থাপন করে এ জেলায় শতভাগ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে। প্রকল্প শেষ হলে আর্সেনিকপ্রবণ এ জেলায় আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহ করে জেলাকে আর্সেনিক মুক্ত করা হবে।