তা রা র বা জি

আজ চিলিকে উড়িয়ে দেবে ব্রাজিল

দ্বিতীয় রাউন্ডে হেরে যাওয়া মানেই ছিটকে পড়া জমকালো এই আসর থেকে। প্রথম রাউন্ডে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই দ্বিতীয় রাউন্ডের টিকেট পেয়েছে ব্রাজিল ও চিলি। ইতিহাসের দিকে নজর দিলে ব্রাজিল অনেকাংশেই এগিয়ে আছে প্রতিপক্ষ চিলি থেকে। সেই দিক থেকে যোগ্যতার পরীক্ষায় ব্রাজিলকে এগিয়ে রাখতেই হয়। তবে এবার আসরের চিলির পারফর্মেন্সের সুর কিন্তু বলছে অন্য কথা। গতবারের বিশ্বচ্যাম্পিয়ান স্প্যানিশদের ২-০ গোলে উড়িয়ে দিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার টিকেট কাটিয়েছে তারাই। তাই জয় পেতে হলে নড়বড়ে হলে চলবে না ব্রাজিলকে। আর অন্য দিকে চিলিরও জয়ের বিকল্প যেহেতু নেই তাই তারাও কোনো রকম ছাড় দেবে না। সব মিলিয়ে ‘মারমুখি’ এক ম্যাচ হয়তো অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।