গল্প নয় সত্যি
কর্মীদের জন্য ছুটি চেয়ে কোচের আবেদন
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ১৯:৪৩
বিশ্বকাপে গ্রুপের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে যুক্তরাষ্ট্র যখন জার্মানির মুখোমুখি তখন আর দশটা কর্মব্যস্ত দিনের মতোই সবাই অফিসের কাজে ব্যস্ত থাকবেন, এটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না দেশটির কোচের দায়িত্ব পালন করা ইয়ুর্গেন ক্লিন্সম্যান। আর তাই ফুটবল বিশ্বে ক্রমেই উন্নতির স্বাক্ষর রাখা এই দেশটির আগ্রহী দর্শকদের জন্য খোদ নিজেই মজার এক ব্যতিক্রমের জন্ম দেন ক্লিন্সম্যান। সকল নিয়োগদাতার কাছে আগ্রহী কর্মীদের হয়ে একখানা গণ ছুটির আবেদনই করে বসেন তিনি। যেখানে কর্মীদেরকে খেলা দেখার জন্য প্রয়োজনীয় ছুটি দেওয়ার পাশাপাশি ক্লিন্সম্যান অফিসের ঊর্ধ্বতন কমকর্তাদেরকেও অনুরোধ করেন বাড়িতে গিয়ে খেলা দেখার জন্য। আর অসংখ্য নিয়োগদাতার প্রতি উদ্দেশ্য করে লেখা ক্লিন্সম্যানের এই খোলা চিঠি বা খোলা আবেদনপত্রই দারুণ সাড়া জাগিয়েছে অনলাইন দুনিয়া আর ফুটবলপ্রেমীদের মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জার্মানির সঙ্গে নিজেদের গুরুত্বপূর্ণ খেলাটি সবাইকে দেখার সুযোগ করে দিতেই অভিনব এই কাণ্ডটি ঘটান ক্লিন্সম্যান। আমেরিকান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশ করা ক্লিন্সম্যানের স্বাক্ষরিত ও নিয়োগদাতার নামের জায়গায় শূন্যস্থানসহ লেখা এই আবেদনপত্রে ক্লিন্সম্যান লেখেন, ‘আমি বুঝতে পারছি যে কর্মীদের অনুপস্থিতি হয়তো আপনার কর্মস্থলের উত্পাদনশীলতা কমিয়ে দেবে। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে, এই অনুপস্থিতি ও ক্ষতি হবে একটা মহত্ কারণে। আমেরিকার জাতীয় দল একটি গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে এবং এই ম্যাচ অতিক্রম করে পরের রাউন্ডে যাওয়ার জন্য গোটা জাতির সমর্থন আমরা চাই।’ এ ছাড়া লাইন ম্যানেজার বা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও ছুটি নেওয়ার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ক্লিনটন আরও লিখেন, ‘আপনাদের উচিত একজন ভালো নেতার মতো আচরণ করা এবং নিজেও এই দিনটিতে ছুটি নেওয়া।’ ক্লিনটনের এই আবেদন শুনে শেষ অবদি কতজন কর্মীকে ছুটি দেওয়া হয়েছিল তা বলা মুশকিল, তবে বৃহস্পতিবারের খেলায় বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কাজটি কিন্তু ঠিকই সেরে নিয়েছে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের দল।