পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লালমনিরহাটের পাটগ্রাম শাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসায় খাদ্য গুদামে জমা দেওয়া ধানের টাকা পাচ্ছেন না কৃষক।
উপজেলা খাদ্য গুদামে গত ১৯ মে ধান জমা দেন কৃষক হারুনুর রশিদ ও মিলন হোসেন। কর্তৃপক্ষের দেওয়া সরকারি ওজনমান মজুদ সনদ নিয়ে টাকা উত্তোলনের জন্য মঙ্গলবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাটগ্রাম শাখায় যান দুই কৃষক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসায় টাকা দেওয়া সম্ভব নয় বলে তাদের ফিরিয়ে দেন ব্যাংক ব্যবস্থাপক।
কৃষক মিলন হোসেন জানান, পাটগ্রাম খাদ্য গুদামে প্রতি কেজি ২৬ টাকা দরে ৪৮০ কেজি ধান জমা দিয়েছি। ব্যাংকে গিয়ে শুনি টাকা দেওয়ার নির্দেশ নাই।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাটগ্রাম শাখা ব্যবস্থাপক লিমন হাবিব দুই কৃষককে ফেরত দেওয়ার কথা স্বীকার করে বলেন, কৃষকদের টাকা প্রদানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই। প্রয়োজনীয় নির্দেশনা আসলে তাদের টাকা প্রদান করা হবে।