মির্জাপুরে ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
মির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২০:৫৯
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে দীর্ঘদিন ধরে চলে আসছিল অবৈধ গ্যাস সংযোগ। অবৈধ গ্যাস সংযোগ বৈধ করে দেয়ার কথা বলে চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্রেট এসব বাসাবাড়ি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করেছে। পর পর ৬ দিনে অভিযানে অন্তত ৬ কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল অফিসের কর্মকর্তাগণ । এ দিকে বাসাবাড়ির গ্যাস বিচ্ছিন্ন করায় বিপাকে পড়েছে নিরীহ লোকজন। প্রতারক চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ায় এখন তারা বিপাকে পড়েছে। আর লাখ লাখ টাকা প্রতারকচক্রের হাতে গুণে দিয়ে গ্যাস না পেয়ে সহস্রাধিক পরিবার সর্বস্বান্ত বলে তারা অভিযোগ করেছে। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এদিকে যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে সেই চক্রের সদস্যদের নামে দুইটি মামলা দেয়া হয়েছে । তবে মামলায় মূলহোতাদের জড়ানো হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। তিতাস গ্যাস টাঙ্গাইল জোনাল অফিসের ম্যানেজার মোঃ সুরুজ আলম অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং মামলার কথা জানিয়েছেন।