গাজীপুরে জেলা ছাত্রদলের সম্মেলন হয়নি ১৩ বছর

১৩ বছরের পুরানো কমিটি দিয়ে চলছে গাজীপুর জেলা ও মহানগর ছাত্রদল। সে সময়ে গঠিত জেলা ছাত্রদলের সভাপতি সরাফত হোসেন বর্তমানে জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক এবং ব্যবসায়ী। সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নু পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর। এর বাইরেও কমিটির অনেকেই ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও প্রবাসী হয়েছেন। যার ফলে দলীয় কর্মসূচিতে ছাত্রদলের প্রভাব প্রায় নেই হয়ে গেছে। জেলা ছাত্রদলের নতুন কমিটি না হওয়ায় উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার কমিটিও গঠন করা যাচ্ছে না। গাজীপুর সিটি কর্পোরেশন গঠন হওয়ার পর মহানগর ছাত্রদলের কমিটি গঠন নিয়ে ব্যাপক তোড়জোড় লক্ষ্য করা গেলেও গত এক বছরে তা নিঃশেষ হয়ে গেছে। এসব অচলাবস্থা দূর করে নতুন কমিটি গঠনের উদ্যোগ এখনও দৃষ্টিগোচর না হলেও নতুন কমিটি হতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে ছাত্রদলের মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, সাবেক ভিপি মামুন সরকার, সাবেক জিএস জিয়াউল হাসান স্বপন, মোঃ নূরুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, নূরে আলম, নাজমুল খন্দকার সুমন, নাসির উদ্দিন নাসির, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন, সোহেল, জিএস মাসুম, খায়রুল ইসলাম মোল্লা প্রমুখের নাম শোনা যাচ্ছে। অপরদিকে গাজীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি হলে তাতে সভাপতি ও সম্পাদক হিসেবে হারুন অর রশীদ, আতাউর মোল্লা, মতিউর রহমান মতি, জসিম, জাকির হোসেন, সম্রাট ভুঁইয়া, শরিফুল ইসলাম, কামরুজ্জামান শামীম প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। এদিকে ছাত্রদলের নতুন নেতৃত্বে সিনিয়র জুনিয়র মিলে যোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন তৃণমূল নেতা-কর্মীদের দাবি। অপরদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কেবলমাত্র যাদের ছাত্রত্ব আছে তাদের দিয়েই কমিটি গঠন করার দাবি জোরদার হচ্ছে।