পাংশায় বরসহ ৩ জনকে জরিমানা
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২১:২৯
রাজবাড়ীর পাংশায় বাল্য বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই বিয়ে বন্ধ করার পাশাপাশি বরসহ তিনজনের কাছ থেকে জরিমানা আদায় করেছে।
জানা গেছে, রাজবাড়ী পাংশা জজ পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে সাদিয়া (১৩)। তাদের বাড়ী ওই স্কুলের পেছনেই। সাদিয়ার দুলাভাই ও পাংশা উপজেলা শহরের পাইকারা মোড় এলাকার নুরুল ইসলামের ছেলে তোফায়েল আহম্মেদ সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরে আসা তার ছোট ভাই ফিরোজ আহম্মেদ (৩২) এর সাথে বিয়ের দিন ধার্য করে।
গতকাল শুক্রবার বিকালে ছিল ওই বিয়ের পূর্ব নির্ধারিত দিন। সাদিয়ার পিতা আব্দুস সালাম এবং তার দুলাভাই তোফায়েল আহম্মদ গত বৃহস্পতিবার রাতেই এ বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেন। বিষয়টি ওই দিন রাত সাড়ে ১০টার দিকে জানতে পারেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান।
তিনি সে সময়ই উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম খানসহ জেলা পুলিশের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন এবং এ বিয়ে বন্ধের নির্দেশ দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাদিয়ার হবু বর, দুলাভাই ও তার পিতার কাছ থেকে তিন হাজার টাকা করে জরিমানা আদায় করেন।