দিনাজপুরে পাচারকালে ৪ স্কুল শিক্ষার্থী উদ্ধার

রংপুর জেলার কাউনিয়া উপজেলার কাচু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর চার শিক্ষার্থীকে শিশু পাচারকারীদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুরা হলো-রংপুর জেলার কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামের নূর ইসলামের মেয়ে পাঁপড়ি আকতার (১১), একই গ্রামের আশরাফুলের মেয়ে খোদেজা (১০) এবং রংপুর সদর উপজেলার মনাদার গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফতেমা (৯) ও একই গ্রামের বিমল রায়ের মেয়ে বৃষ্টি রানী (৯)। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পার্বতীপুরে আন্তঃনগর দোলনচাঁপা ট্রেন থেকে তাদের উদ্ধার করা হয়। খবর পেয়ে রাত ১১টার দিকে অভিভাবকরা এসে নিজ নিজ সন্তানদের নিয়ে যান। পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল জানান, পাঁপড়ি আকতার, খোদেজা, ফতেমা ও বৃষ্টি রানী এ চার শিশুই রংপুর জেলার কাউনিয়া উপজেলার কাচু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা স্কুলে যায়। দুপুর ২টার দিকে স্কুল ছুটি হলে প্রতিদিনের মতো বিকেল ৪টা পর্যন্ত ওই স্কুলে তারা কোচিং করে। পাশাপাশি গ্রাম হওয়ায় কোচিং শেষে চার সহপাঠী একসঙ্গে বাড়ি ফিরছিল। পথে একটি শিশু পাচারকারী চক্র কৌশলে ওই চার শিশুকে কাউনিয়া রেলস্টেশনে নিয়ে গিয়ে অজ্ঞান করে ফেলে। পরে অজ্ঞান অবস্থায় চার শিশুকে নিয়ে পাচারকারী চক্রটি সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনে চেপে বসে।