তারাগঞ্জে জলাতঙ্ক রোগে শিশুর মৃত্যু
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২১:৩৮
রংপুরের তারাগঞ্জ উপজেলায় জলাতঙ্ক রোগে গত বৃহস্পতিবার মহসিন নামের ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত অবস্থায় শিশুটির কামড়ে তার বাবা-মাসহ ৩জন আহত হয়েছে। আহতরা হলো শিশুটির বাবা শাহাদার রহমান ও শিশুর মা মোহছেনা ও খেলার সাথী উজ্জ্বল। আহতরা রংপুর সদর হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের শাহাদার আলীর শিশুপুত্র মহসিন তার মৃত্যুর ২৫/২৬দিন পূর্বে মাদ্রাসা থেকে পড়ালেখা শেষে বাড়িতে ফেরার পথে একটি কুকুর তার পায়ে কামড় দেয়। শিশুটির পরিবার গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুর শলেয়াশাহ গ্রামের এক মহিলা চিকিত্সকের কাছে চিকিত্সা নেয়। এরমধ্যে তার জলাতঙ্ক রোগ দেখা দেয়ায় তার বাবা-মাসহ এক খেলার সাথীকে সে কামড় দেয়। গত বৃহস্পতিবার মহসিন মারা যায়।