সুষমার সফরে শাড়ি কূটনীতি!
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২২:১৬
বাংলাদেশের শীর্ষ তিন রাজনীতিক হলেন নারী। বাংলাদেশে তিনদিনের সফরে আসা ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রীও একজন নারী। এ অঞ্চলের নারীদের প্রধানতম পোশাক যে শাড়ি তা নতুন করে বলার কিছু নেই। আর তাই পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফরেও পাওয়া গেল সেই শাড়ির কূটনীতি।
ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান তিন নেত্রীর জন্য ভারতীয় শাড়ি নিয়ে এসেছিলেন সুষমা স্বরাজ। আর নয়াদিল্লি ফিরেছেন বিখ্যাত ঢাকাই জামদানি শাড়ি নিয়ে। গতকাল সকালে প্রথমে সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত্ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল। এ সময় তারা সুষমা স্বরাজকে জামদানি শাড়ি উপহার দেন। এরপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাক্ষাত্ করেন সুষমার সঙ্গে। তিনিও সুষমাকে জামদানি শাড়ি উপহার দেন।
আন্তর্জাতিক কূটনীতিতে উপহার আদান-প্রদান দীর্ঘদিনের একটি সংস্কৃতি। সাধারণত গহনা, শিল্পকর্ম, ইলেকট্রনিক্স পণ্য এ ধরনের উপহার হিসেবে দেয়া হয়। কিন্তু অঞ্চলভেদে উপহারের ধরনও যে পরিবর্তিত হয়, শাড়ি কূটনীতি তারই উদাহরণ।
সুষমাকে খালেদার ৫ জামদানি উপহার
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজকে জামদানি শাড়ি উপহার দিয়েছেন খালেদা জিয়া। সকালে হোটেল সোনারগাঁও-এ বৈঠকের আগেই খালেদা জিয়ার উপহার সুষমার কাছে পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি জানান, বিভিন্ন রঙের পাঁচটি জামদানি শাড়ি দেয়া হয়েছে তাকে। তবে সুষমা স্বরাজ খালেদা জিয়াকে কোন উপহার দেননি। এছাড়া বিএনপি এবং ভারতের প্রতিনিধিদের ছাড়াই আলাদাভাবে একান্তে ১২ মিনিট কথা বলেছেন খালেদা জিয়া ও সুষমা। এদিকে একটি সূত্র জানায়, খালেদা জিয়া ৫ জানুয়ারির উপর নির্মিত ডকুমেন্টারী এবং সরকারের বিরোধীদল নির্যাতনের ভিডিও সুষমার হাতে দিয়েছেন।