রায়পুরায় সংঘর্ষে ৬ জন টেঁটাবিদ্ধ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২২:১৭
রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়িতে হত্যা মামলার বাদী ও বিবাদীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ঘ, ককটেল নিক্ষেপ, বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ৪ জন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৬ জন। টেঁটাবিদ্ধরা হলেনঃ আবুল বাসার, আবু সায়েদ, সোহরাব, বিল্লাল। আহতদের নরসিংদী জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কোরবানি ঈদের আগে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলাকান্দী গ্রামের মোঃ রবিউল্লাহ ও তার সহোদর ভাই মোহনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তুমুল বিরোধ ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে রবিউল নিহত হন। এ ঘটনায় মোহনসহ রবিউলের ফুপাত ভাই নয়ন, সঞ্জু ও দুলুর নামে রবিউলের ছেলেরা হত্যা মামলা করেন। এরই জের ধরে গতকাল সকালে নিহত রবিউলের ফুপাত ভাই নয়ন সঞ্জু, দুলুসহ আট-দশজন মিলে নিহত রবিউলের ছেলে মাঈনুদ্দিনসহ তার ভাতিজাদের উপর টেঁটা-বল্লম নিয়ে হামলা চালায় এবং তাদের বসতবাড়িতে একাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ সময় বাশার, সায়েদ, সোহরাব ও বিল্লাল টেঁটাবিদ্ধ হয়। রায়পুরা থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল মতিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।