ইরাক থেকে অধিকাংশ ভারতীয়কে ফিরিয়ে আনবে মোদী সরকার

ইরাক থেকে অধিকাংশ ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে ভারত সরকার। বিষয়টির সম্ভাব্যতা পরীক্ষা-নীরিক্ষা করতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বৃহস্পতিবার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব অজিত শেঠের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির নৌবাহিনীর প্রধান আর.কে. ধাওয়ান, বেসমারকির পর্যটন সচিব অশোক লাভাসা এবং জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা। ইরাকে পরিস্থিতির আরো অবনতি হলে কোন পথে নাগরিকদের ফিরিয়ে আনা সুবিধাজনক হবে সেই বিষয়টি যাচাইয়েরও নির্দেশ দেওয়া হয় বৈঠকে। তবে পরররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে জানিয়েছেন, আপাতত কোনো নাগরিককে ফিরিয়ে আনার প্রয়োজন হবে না। কারণ এখন ইরাকে অধিকাংশ এলাকাই নিরাপদ। তাছাড়া বাগদাদের বাইরের শহর থেকেও অনেক বাণিজ্যিক ফ্লাইট চালু আছে। খুব কম সংখ্যক নাগরিক আছেন যারা ইরাক থেকে চলে আসতে চান। এদের মধ্যে অনেকে আছেন যারা বেতন পাচ্ছেন না। যেসব ভারতীয় দেশে ফিরে যেতে চাচ্ছেন তাদের ভারতীয় দূতাবাস থেকে সম্পূর্ণ সহযোগিতা দেওয়া হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ইরাকে ৩৯ জন পুরুষ অপহূত হয়েছেন এবং আটকা পড়েছেন ৪৬ জন নার্স। এদের মুক্তির জন্য সৌদি আরবের মাধ্যমে সুন্নি বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। এছাড়া বিভিন্ন এনজিও’র মাধ্যমে অপহূতদের মুক্তির চেষ্টা চলছে। যদিও অসমর্থিত সূত্রে জানা গেছে, অপহূতদের মেরে ফেলা হয়েছে। ২০০৪ সালের চেয়ে ইরাকের পরিস্থিতি এখন অবনতিশীল। ওই সময় এক ভারতীয় ট্রাক চালককে অপহরণ করা হয় এবং এক মাস ধরে চেষ্টার পর তাকে মুক্ত করা সম্ভব হয়। এসময় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে খুব দ্রুত মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখছিনা।