রাজশাহীতে আড্ডায় তর্কে জড়িয়ে ছাত্রদল নেতাকে কোপালেন ছাত্রলীগ নেতা

তিনজন আটক রাজশাহী অফিস আড্ডার মাঝে তর্কে জড়িয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মতূর্জা ফাহিমকে কুপিয়ে জখম করেছেন এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার রাতে নগরীর মিয়াপাড়ার একটি ছাত্রাবাসের এ ঘটনায় পুলিশ দুই ছাত্রলীগ ও এক ছাত্রদল নেতাকে আটক করেছে। এরা হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক জাবির ইবনে জোবায়ের তামিম, রাজশাহী কলেজ ছাত্রলীগের নেতা বাদশা ও ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, আড্ডার সময় ছাত্রদল সভাপতি মতূর্জা ফাহিমের সঙ্গে ছাত্রলীগ কর্মী বাদশার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা বাদশা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় ফাহিমের চিত্কারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ফাহিমকে উদ্ধার এবং তিনজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাহিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে অন্যদের থানায় নিয়ে যায়।