চাটমোহরে অপহূত শিশুর মস্তকবিহীন ৩ টুকরা লাশ উদ্ধার

পাবনার চাটমোহর থেকে অপহূত শিশু আব্দুল্লাহ আল নুর (৪) এর মস্তকবিহীন তিন টুকরা লাশ পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের কচু ক্ষেত থেকে তিন টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির মাথা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরের পর এলাকার হাসু প্রাং এর কচু ক্ষেতে কাজ করতে গিয়ে কৃষি শ্রমিক লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটির পিতা আবুল হোসেন তার সন্তানের লাশ বলে শনাক্ত করেন। গত বুধবার সকালে চাটমোহর পৌরসভার ছোট শালিখা হারান মোড় এলাকার বাসিন্দা গ্রীস প্রবাসী আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ আল নূরকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণকারীরা বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শিশুটির পিতার কাছে মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ১৫ লাখ টাকা দাবি করে। শিশুটিকে উদ্ধারে পুলিশি অভিযান শুরু হয়। লাশ উদ্ধারের আগেই ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, অপহূত শিশুর ফুফা নতুন বাজার মহল্লার মৃত ময়েজ উদ্দিনের ছেলে আ. সামাদ, আব্দুস সামাদের ছেলে কবির হোসেন, মথুরাপুর ইউনিয়নের ইছাখালি গ্রামের মৃত খবির মোল্লার ছেলে কবিরাজ আলেপ মোল্লা, ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে জাকিরুল ইসলাম ও সত্ দাদী আড়িংগাইল গ্রামের মৃত খবির উদ্দিনের স্ত্রী আয়শা বেগম। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই মইনুদ্দিন জানান, আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। এ ঘটনার পর থেকে এলাকার অভিভাবকদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।