সিলেটে দাহ্য পদার্থ ছুঁড়ে তরুণীর মুখ ঝলসে দিল দুর্বৃত্তরা
প্রকাশ : ২৭ জুন ২০১৪, ২২:২১
সিএনজি অটোরিক্সা থেকে দাহ্য পদার্থ ছুঁড়ে মেরে এক তরুণীর মুখমন্ডল ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। সোবহানীঘাট ফাঁড়ির এসআই আশরাফুল ইসলাম জানান, দাহ্য পদার্থটি এসিড কি-না এটা নিশ্চিত নয়। তবে এর ফলে মেয়েটির মুখমন্ডল কালচে হয়ে গেছে।
বৃহসপতিবার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নগরীর চালিবন্দর শশ্মানঘাট সংলগ্ন এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র করের মেয়ে মিরের ময়দান এলাকায় নিউ বধূয়া বিউটি পার্লারে বিউটিশিয়ানের কাজ করেন। কাজ শেষে রাতে তিনি পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে চালিবন্দর এলাকায় একটি সিএনজি অটোরিকশা থেকে দুর্বৃত্তরা তার ওপর দাহ্য পদার্থ ছুঁড়ে মারে। মুখে জ্বালাপুড়া করায় তিনি স্থানীয় একটি ফার্মেসির দ্বারস্থ হন। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন-তার মুখে এসিড নয়, অন্য কোন দাহ্য পদার্থ ছুঁড়ে মারা হয়েছে। এসআই আশরাফুল জানান, মেয়েটির কোন শত্রু নেই বলেও তারা জানতে পেরেছেন। এরপরও এ ধরনের পদার্থ ছোঁড়ে মারা রহস্যজনক। তিনি বলেন, ভিকটিম মামলা করলে আইনী ব্যবস্থা নেয় হবে।