টেকনাফের সোলতান মার্কেটে ১৫ দোকান ভস্মীভূত

টেকনাফ পৌর এলাকার নেঙ্গুলবলি রোডে হাজি সোলতান মার্কেটে গতকাল শনিবার সকাল ১০টায় ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। অগ্নিকাণ্ডে সিমেন্ট, রং, অফিস, মাইক সার্ভিসিং, মোটর সাইকেলের পার্টস ও মুড়ি দোকানসহ ১৫টি দোকান পুড়ে যায়। টেকনাফ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সিমেন্ট ও রং দোকানের মালিক ফজল হক জানান, আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমি কোনকিছুই আগুন থেকে রক্ষা করতে পারিনি। আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম জানান, সকাল থেকে বিদ্যুত্ না থাকলেও কিভাবে আগুন লাগছে তা খতিয়ে দেখা হচ্ছে ।