বাবুগঞ্জের ২০ গ্রামে আজ থেকে রোজা শুরু
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২১:১১
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ আজ রবিবার থেকে রোজা রাখা শুরু করেছেন। চট্টগ্রামের চন্দনাইশ শাহসূফী দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফের অনুসারীরা বিশ্বের যে কোন জায়গায় প্রথম চাঁদ দেখা সাপেক্ষে এ রোজা পালন শুরু করেছেন। দরবার শরীফ সূত্রে জানা যায়, প্রায় ২ শ’ বছর আগে থেকে দরবার শরীফের মুরিদরা সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে রোজা, ঈদ ও কোরবানী পালন করে থাকেন। গতকাল শনিবার চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে বাবুগঞ্জ উপজেলার ওলানকাঠী, খানপুরা, মাধবপাশা, আগরপুর, রহমতপুর, কেদারপুর, দেহেরগতিসহ ২০ গ্রামের ২ হাজার পরিবার রোজা পালন করছেন। এছাড়াও বরিশাল জেলার বরিশাল সদর, মূলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ, বাখেরগঞ্জ উপজেলাগুলোর ওই দরবার শরীফের অনুসারীরা রোজা পালন করেছেন বলে বাবুগঞ্জের অনুসারী জাহাঙ্গীর সিকদার জানান।