রাজবাড়ীতে মহিলা এমপির বাড়িতে হামলা

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার চৌধুরী লাভলীর জেলা শহরের বাড়িতে গত শুক্রবার রাতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার বেড রুম ও খাবার রুমের একাধিক গ্লাস ভেঙ্গে গেছে। সে সময় এমপি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এ ঘটনায় রাজবাড়ী থানা পুলিশ রাতেই প্রতিবেশী মোকলেসুর রহমানের ছেলে মাহফুজুর রহমানকে আটক করে। আটককৃত যুবকের মা জানান, মাহফুজ পড়াশোনা শেষ করে সরকারি কোন চাকুরি না পেয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে। রাজবাড়ী থানার ওসি আব্দুল খালেক জানিয়েছেন, আটককৃত যুবককে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর উদ্দেশ্যে শনিবার সকালে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।