সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে যাচ্ছে সদ্যনির্মিত বাঁধ

রংপুরের যমুনেশ্বরী নদীর উপর বরাতী ব্রিজে মোকা ও মহাসড়ক রক্ষার নামে প্রতিবছর লাখ লাখ টাকা খরচ করা হলেও তা পানিতে ভেসে যাচ্ছে। এবারও সিসি ব্ল¬ক তৈরি করে বাঁধ দেয়া হলেও বর্ষা মৌসুমের শুরুতে সামান্য বৃষ্টিতে তা ভেঙ্গে যেতে শুরু করেছে। আবারও বালির বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা চলছে। এলাকাবাসীর অভিযোগ যমুনেশ্বরী নদীর বরাতী নামক ব্রিজের পশ্চিম মোকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কের পশ্চিম অংশ রক্ষার নামে প্রতিবছর বর্ষা মৌসুমের পূর্বে লাখ লাখ টাকা খরচ করা হলেও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় কাজের কাজ কিছুই হচ্ছে না। জানা গেছে, চলতি অর্থবছরে সড়ক ও জনপথ বিভাগ ব্রিজের মোকা ও সড়ক রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৪১ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করে মার্চ মাস থেকে কাজ শুরু করে। সরেজমিন গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের সামান্য বৃষ্টিতেই সদ্য নির্মিত বাঁধ ভাঙ্গতে শুরু করেছে। বাঁধের উজানে নদীর পশ্চিম তীরে বাঁশ ও গাছের ডাল পুঁতে বালির বস্তা ফেলে পানির স্রোত ঠেকানোর চেষ্টা চলছে। কিন্তু স্রোতের আঘাতে ভাঙ্গন অব্যাহত রয়েছে। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন জানান, সিসি ব্লকগুলোর সাইজ ছোট হওয়ায় এগুলো তৈরির সময় ভাইব্রেটর মেশিন ব্যবহার করা সম্ভব হয়নি। তবে ভাইব্রেটর মেশিনের কাজ অনেকটা লোহার রড দিয়ে করা হয়েছে এবং গত অর্থবছরে কাজ হয়েছে কি-না তা তিনি বলতে পারেন না। কেননা তিনি এখানে নতুন যোগদান করেছেন বলে জানান।