গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২১:১৮
বেনাপোলের পুটখালী সীমান্তে গতকাল শনিবার ভোরে শরীফ (৩৮) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ।
২৩ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, ভারতের আংরাইল কবিরাজ বাড়ি ঘাট এলাকা দিয়ে গভীর রাতে এক দল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এ সময় গরু ফেলে তার সঙ্গিরা পালিয়ে আসলেও নিহত শরীফকে আটক করে বিএসএফ। পরে তাকে পিটিয়ে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা নিশ্চিত করে। বিএসএফ নিহতকে রাতেই পুটখালী সীমান্তের ইছামতি নদীর পাড়ে ১৩৬ আর নম্বর পিলারের নিকট ফেলে রেখে যায়। ভোরে বিজিবির একটি টহলদল তার লাশ দেখতে পায়।
নিহত শরীফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধুলাউড়া গ্রামের আফজাল হোসেনের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
এ ঘটনায় ২৩ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বিএসএফকে লিখিত প্রতিবাদ জানিয়েছেন বলে জানান। ঘটনার পর থেকে উভয় সীমান্তের গরু ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।