পৃথক ঘটনায় দুইজন খুন

পঞ্চগড়ের বোদা থানার সীমান্ত লাহিড়িপাড়া এলাকা থেকে এক কিশোরীর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে এক গৃহবধূসহ পৃথক ঘটনায় দুইজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। পঞ্চগড়ের বোদা ভারতীয় সীমান্ত থেকে কিশোরীর লাশ উদ্ধার পঞ্চগড়ের বোদা থানার কালিয়াগঞ্জ ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন লাহিড়িপাড়া এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে লাবণি (১৮) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ৫ দিন পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হয়। কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান ফজলার রহমান জানান, দুর্বৃত্তরা কিশোরীটিকে শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। বোদা থানার ওসি মজনুর রহমান কিশোরীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূ খুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন ইসলামপুর গ্রামে গত শুক্রবার রাতে ফাতেমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী আলাউদ্দিন। সদর থানার ওসি তদন্ত সারোয়ার হোসেন জানান, শনিবার সকালে ফাতেমার লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।