সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২১:২০
সুনামগঞ্জে গতকাল শনিবার দুপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা আন্তঃজেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু টুর্নামেন্ট ফাইনাল খেলায় গৌরারং ইউনিয়নের বড়ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভার কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলা নির্দিষ্ট সময় পেরিয়ে টাইব্রেকারে গড়ায়। খেলায় দুই গোলে কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়।
বঙ্গমাতা টুর্নামেন্টে সুরমা ইউনিয়নের বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রঙ্গারচর ইউনিয়নের দেওয়ান শামছুল আবেদীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে বিজয়ী হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার সিংহ, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার মৃধা। আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন, শিক্ষক সুজিত কুমার দেব, নেপাল চন্দ, বিকাশ দত্ত, সহিদুল হক, যুবনেতা হাজী হেলাল, গোলাম সাদেক শিরু প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।