মুলারকেই সেরা মানছেন লো
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২১:৩২
ফরোয়ার্ড টমাস মুলারের গোল করার নমুনা দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জার্মান কোচ জোয়াচিম লো আশা করছেন আলজেরিয়ার বিপক্ষেও সে (মুলার) এমন ধারা অব্যাহত রাখবে।
চলমান বিশ্বকাপে ইতিমধ্যে চার গোল করে গোল্ডেন বুট অর্জনের তালিকায় স্বাগতিক নেইমার এবং আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে শীর্ষ অবস্থানে রয়েছেন মুলার। দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার পাওয়া মুলারের নৈপুন্যে কতটা সন্তষ্ট সেটাই প্রকাশ করেন লো এবং নকআউট পর্বেও তাকে সামলাতে আলজেরিয়াকে সমস্যায় পড়তে হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একটি সংবাদ সম্মেলনে জার্মানির ৫৪ বছর বয়সী এ কোচ বলেন, ‘টুর্নামেন্টের প্রথম পর্যায়েই দেখা গেছে সে শারিরীক ও মানসিকভাবে অবিশ্বাস্য ভাল অবস্থায় আছে। তাকে মোকাবেলা করাটা আমাদের সকল প্রতিপক্ষের জন্যই বেশ কঠিন ছিল কারণ সে অত্যন্ত দ্রুততার সঙ্গে মাঠ চষে বেড়ায় এবং গোল সীমানায় হানা দেয়। ‘কয়েক সপ্তাহ যাবত সে অসাধারণ ফর্মে আছে এবং তার সঙ্গে আমারও বিশ্বাস জন্মেছে যে দ্রুততার সঙ্গে পুরো মাঠ চষে বেড়ানোটা তার কাছে খুবই সহজ।’