ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন

পিরোজপুর অফিস

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই সোলায়মানকে (২৬) পুলিশ আটক করেছে।

পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ফোরকান (৩০) ঘরের পাঠাতনে শুয়ে কানে হেডফোন দিয়ে মোবাইলে কিছু শুনছিল। এসময় ছোট ভাই সোলায়মান একটি শাবল দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করলে মাথা ফেটে যায় এবং অচেতন হয়ে পড়ে। এরপর স্বজনরা তাকে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরেক ভাই শাহীন থানায় ভাই হত্যার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

নিহত ফোরকানের ভাই শাহীন জানান, আমার ছোট ভাই সোলায়মানের মাথায় গন্ডগোল আছে। তাকে আমার ভাই ফোরকান ওষুধ খেতে বললে দুইজনের কথা কাটাকাটি হয়। পরে রাতে সে শাবল নিয়ে ফোরকানকে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ইন্দুুরকানী থানা পুলিশ মঙ্গলবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খুনের দায়ে ছোট ভাই সোলায়মানকে আটক করেছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই ফোরকান খুন হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।