শেকৃবিতে ৩৮ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ অর্থবছরে ৩৮ কোটি ৬০ লাখ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৬৫তম সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদিত হয়। একই সময় ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হযরত আলী। এবারের বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) সরকারি অনুদান হিসাবে ৩৫ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বাকি ২ কোটি ৭০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ধার্য করা হয়েছে। বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন হিসেবে ২৮ কোটি ৮০ লাখ টাকা, পেনশন ২ কোটি টাকা, কন্টিনজেন্সি ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। কন্টিনজেন্সি ব্যয়ের মধ্যে সাধারণ আনুষাঙ্গিক খাতে ৪ কোটি ৩০ লাখ টাকা, শিক্ষা আনুুষাঙ্গিক খাতে ২ কোটি ২০ লাখ টাকা, মেরামত ও সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ৭০ লাখ টাকা ও সম্পদ সংগ্রহ বা ক্রয় খাতে ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।