ফুলবাড়িয়ায় এনআইডির ভিত্তিতে ভিজিএফের চাল বিতরণ

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন পরিষদে দুস্থদের মধ্যে নয়া পদ্ধতিতে ভিজিএফ কর্মসূচিতে জনপ্রতি ১৫ কেজি চাল বিতরণ করা হয়। মঙ্গলবার চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার।

তিনি জানান, এ পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্রধারী প্রত্যেক অসহায় নারী পুরুষ উপস্থিত হয়ে তাদের পরিচয়পত্র জমা দিয়ে ভিজিএফ সুবিধা নিবেন। পরে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা বাড়ি বাড়ি গিয়ে তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন স্তরের অসত্ ব্যক্তির প্রভাব থেকে অসহায় দরিদ্রদের মুক্ত এবং ভিজিএফ সুবিধা নিশ্চিত করতে ফুলবাড়ীয়ার বালিয়ান ইউনিয়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়। তিনি আরো বলেন, এ উদ্যোগের ফলে প্রকৃতরা ভিজিএফ সুবিধা পাবেন এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।

বালিয়ান ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুজ্জামান সরকার বলেন, এ উদ্যোগের ফলে বালিয়ান ইউনিয়নে আর কোনো ভিজিএফ কেলেঙ্কারির ঘটনা ঘটবে না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল বাসেত, তদারকি কর্মকর্তা ও সমাজ সেবা অফিসার নজরুল ইসলাম, ৪নং বালিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান সরকার প্রমুখ।