বানের পানিতে পদ্মায় প্রাণ মাঝিদের পালে হাওয়া

আষাঢ়ের প্রথম সপ্তাহ জুড়ে উজানের বানের পানিতে যেন প্রাণ ফিরেছে পদ্মায়। মাঝিদের মাঝে ফিরছে চাঞ্চল্য। দীর্ঘদিন পানিশূন্য পদ্মায় তারা নৌকা ভাসিয়েছে মনের সুখে। স্থানীয় জেলেরা জানান, আষাঢ়ের বৃষ্টিতে রাজশাহীর নিকট পদ্মায় প্রতিদিন পানি বাড়ছে। পানির উচ্চতা বৃদ্ধি পেলেও ‘স্বাভাবিক’ রয়েছে পদ্মা। ভারি বর্ষণ হলে পদ্মা গর্জে উঠার আশঙ্কা রয়েছে। পদ্মায় পানি বাড়ার ফলে সম্ভাব্য ভাঙ্গন ঠেকাতে প্রস্তুতি নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পদ্মায় পানি বাড়তে থাকায় চরের মানুষ ভাঙ্গন আতঙ্কে দিনযাপন করছেন। বিশেষ করে গত বর্ষার ভাঙ্গনে যারা ঘরবাড়ি হারিয়েছেন তারা আবারো ভাঙ্গন আতঙ্কে রয়েছেন। পদ্মার রাজশাহী অংশ জুড়ে প্রায় দেড়শ’ চর রয়েছে। এসব চর এলাকায় প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। চরের বেশিরভাগ বাসিন্দা ভূমিহীন অসহায় খেটে খাওয়া মানুষ। তারা প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে চরে বসবাস করে। এদের কেউ মাছ ধরেন, কেউ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। নগরীসংলগ্ন পঞ্চবটি বস্তির বাসিন্দা জুনাব আলী বলেন, বর্ষায় পদ্মা ফুলে-ফেঁপে ওঠে। কখনো পদ্মার পানির উচ্চতা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। চর ও সংলগ্ন বস্তির মানুষের ঘরবাড়িতে পানি ওঠে। এরপরও পদ্মায় পানি আসলে তারা মাছ ধরার আনন্দে মেতে ওঠেন।