স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২২:০৬
স্বামীর নির্যাতনের শিকার আহত গৃহবধূ সুমী বেগম (২২) তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শনিবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার লাশ পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহতের নাম সুমি (২২) রাজাপুর উপজেলার ৬নং মঠবাড়িয়া ইউনিয়নের পূর্ব ইন্দ্রোপাশা গ্রামের মিঠুন হাওলাদারের স্ত্রী।
নিহতের পিতা মতিন হাওলাদার জানান, প্রেমের সম্পর্কের কারণে চার বছর আগে সুমী তার প্রথম স্বামী শামীমকে তালাক দিয়ে মিঠুন হাওলাদারকে বিয়ে করে। বিয়ের পর থেকেই মিঠুন সুমিকে তার বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনে দিতে বলেন। সুমি এতে রাজি না হওয়ায় মিঠুন তাকে প্রায়ই মারধর করতো। গত বুধবার ২৫ জুন দিনভর সুমিকে মারধর করেন মিঠুন। সুমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সুমিকে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।