সুজানগরে রাস্তায় আম ফেলে কেমিক্যালের বিরুদ্ধে প্রতিবাদ
সুজানগর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২২:০৭
পাবনার সুজানগরে রাস্তায় আম ফেলে বিষাক্ত কেমিক্যাল ও কার্বাইডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, দুলাল হোসেন নামে এক মত্স্য ব্যবসায়ী। এ সময় তার সাথে ভুক্তভোগী আরো অনেকে যোগ দেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে সুজানগর পৌর বাজারের প্রধান রাস্তায় এই প্রতিবাদের ঘটনা ঘটে।
জানা যায়, গত শুক্রবার বিকালে উপজেলার মসজিদপাড়া মহল্লার উক্ত দুলাল পৌর বাজারের জনৈক আম ব্যবসায়ীর নিকট থেকে ১০ কেজি ল্যাংড়া আম কেনেন। আম ব্যবসায়ী ওই আম গাছপাকা এবং কেমিক্যালমুক্ত বলে গ্যারান্টি দিয়ে বিক্রি করেন। কিন্তু আম খেতে গিয়ে ভিতরে নরম এবং এক প্রকার গন্ধ পাওয়ায় খেতে পারেন না। ফলে মত্স্য ব্যবসায়ী দুলাল ওই আম প্রকাশ্যে রাস্তায় ফেলে বিষাক্ত কেমিক্যাল ও কার্বাইড বিরোধী তথা অসাধু আম ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।