ফজলি আমের দাম কমায় চাষিদের মাঝে হতাশা
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২২:০৭
পুঠিয়ার ফজলি আমের দর কম হওয়ায় আম চাষি ও ব্যবসায়ীরা হতাশায় ভুগছেন। বাজারে ফজলি আম ওঠার শুরুতে প্রতিমণ ৮শ’ থেকে ১১শ’ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলার বিড়ালদহ ও বানেশ্বরে পাইকারী আম বাজার ঘুরে দেখা গেছে, লকনা আম এক হাজার থেকে বারশ’ টাকা, ল্যাংড়া ষোলশ’ থেকে আঠারোশ’, আম্রপালী পনেরশ’ থেকে সতেরশ’ টাকা, খিরসাপাত/হিমসাগর বাইশশ’ থেকে চব্বিশশ’ টাকায় প্রতিমণ (৪৬ কেজি) বিক্রি হচ্ছে। ফজলি আমের রং ভেদে ৮শ’ হতে ১১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে হতাশা নেমে এসেছে আম চাষি ও ব্যবসায়ীদের ভেতর। আম ব্যবসায়ী মইদুল ইসলাম জানান, ১৪শ’ থেকে ১৫শ’ টাকা মণ হিসাবে বাগান চুক্তিতে আম কিনেছেন গুটি অবস্থায়। এখন আম পাকা শুরু হলে তা বিক্রি করে মণপ্রতি ৪শ’ থেকে ৫শ’ টাকা লোকসান গুনতে হচ্ছে। আম চাষি ইসমাইল হোসেন জানান, আশানুরূপ দাম না পাওয়ায় হতাশায় ভুগছেন।