রূপগঞ্জে পৌর নির্বাচনে সংঘর্ষে নিহত এক
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২২:৪০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে গতকাল শনিবার কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এসময় সুকমল দত্ত ওরফে নির্মল দত্ত (৫৫) নামে এক ভোটার নিহত হয়েছেন। এ ঘটনায় ১৯ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। কাঞ্চন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। সহিংসতার পর সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত ছিল।
নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নির্মলের বাড়ি কাঞ্চন পৌরসভার তারাইল গ্রামে। তার পিতার নাম মৃত বিনোদ দত্ত। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন এবং ওসি আসাদুজ্জামান মীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশের ছোঁড়া শর্টগানের গুলিতে গুরুতর আহত তারাইল এলাকার সখিনা বেগম, জাহাঙ্গীর, খোরশেদ, বাছেদ, মিলন, নাঈম, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, মনির মোল্লা, সাহেদ আহমেদ, গোলজার মোল্লা, হাবিবুর রহমান, লিয়াকত আলী, সাকের আহমেদ, মিজানুর রহমান, মো. শাহিন, আলমগীর হোসেন, কাউন্সিলর প্রার্থী জালালউদ্দিন, মোহসিন মিয়া মহনসহ গুলিবিদ্ধ ১৯ জনকে ঢাকা, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় পৌরসভার ১ নম্বর তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মোহসিন মিয়া মহন ও তার সমর্থকেরা। এ সময় বিএনপি সমর্থিত লোকজন কেন্দ্র দখলে তাদের বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ৩০ রাউণ্ড শর্টগানের গুলি ছোঁড়ে।
এদিকে কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল পৌনে ১১টায় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা উপস্থিত ভোটারদের এলোপাতাড়ি লাঠিপেটা করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় ভোটাররা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে। বিশেষ করে মহিলা ভোটাররা চরম আতঙ্কে পড়ে। খবর পেয়ে বিজিবি, র্যাব, পুলিশ ও সাংবাদিকরা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি তাজা ককটেল উদ্ধার করে।
এছাড়া রানীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা দুইটি করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, কাঞ্চন পৌরসভা নির্বাচনে সহিংস ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, ভোট কেন্দ্রের বাইরে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।