সাভারে স্কুলছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করলো বন্ধুরা
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২২:৪৩
সাভারে আতাউর রহমান (১৬) নামে এক স্কুল ছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার ধলেশ্বরী নদী থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। আতাউর সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লার আবুল হোসেনের ছেলে এবং সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর বিজ্ঞান শাখার ছাত্র ।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে আতাউরের বন্ধু তরিকুল, রাজ্জাক ও মিলনসহ কয়েকজন তাকে মোবাইল ফোনে কল করে ফুটবল খেলার কথা বলে ধলেশ্বরী নদীর ওপারে কালিনগর এলাকায় নিয়ে যায়। এদিকে রাত হয়ে যাওয়ার পরও আতাউর বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা সকল বন্ধুদের বাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। গতকাল দুপুরে স্থানীয়রা ধলেশ্বরী নদীতে গোসল করেতে গিয়ে একটি মৃতদেহ দেখতে পায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে আতাউরের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি সনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম জানান, নিহত স্কুল ছাত্রের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারী যেই হোক তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।