টাকার অভাবে বড় বড় দলকে দেশে এনে ম্যাচ আয়োজন করা যাচ্ছে না

প্রচুর অর্থের প্রয়োজন হয় বিধায় বড় বড় দল যেমন- ব্রাজিল, স্পেন, আর্জেন্টিনা, নাইজেরিয়া, ইতালি, ইংল্যান্ড, হল্যান্ড, জাপান, কোরিয়া ও ক্যামেরুনকে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হচ্ছে না বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। গতকাল শনিবার সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সোহরাব উদ্দিনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এই ধরনের বড় বড় দলকে বাংলাদেশে এনে ম্যাচ আয়োজনে প্রবলভাবে ইচ্ছুক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্পন্সর নিশ্চিতকরণ সাপেক্ষে বড় বড় দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে বাফুফে কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের বিষয়ে বাফুফে নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে বিশ্বের বড় বড় দলগুলোর সঙ্গে খেলার মাধ্যমে যাতে বাংলাদেশের ফুটবল খেলার মান বাড়ানো যায় এবং দেশের ফুটবল যাতে একটি মাত্রা পায়, সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। আগামী বছরের শুরুতেই স্মার্ট কার্ড দেয়া শুরু এদিকে, স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত ও আইনমন্ত্রী আনিসুল হক জানান, ২০১৫ সালের শুরু থেকেই স্মার্ট কার্ড দেয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন বাংলাদেশের অধীনে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর অ্যানহেন্সিং এক্সেস টু সার্ভিস (আইডিইএ) প্রকল্পের আওতায় দেশের নাগরিকদের স্মার্ট কার্ড দেয়ার বিধান রাখা হয়েছে। আইডিইএ’র প্রকল্পটি বিশ্বব্যাংকের ঋণ সহায়তার আওতায় পরিচালিত। এই প্রকল্পের আওতায় বিধি মোতাবেক সমস্ত কার্যাদি সম্পন্ন করে স্মার্ট কার্ড দেয়ার জন্য একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।