আশুলিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় মোতালেব (৩০) নামের এক কলা ব্যবসায়ী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। প্রতেক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, শনিবার ভোরে তিনি সাভারের বাড়ইপাড়া এলাকা থেকে বাসে করে বাইপাইল আরতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা ব্যবসায়ী মোতালেবকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে কবিরপুর সড়কের পাশে ফেলে চলে যায়। এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন এবং থানা পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মোতালেবের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়। সাভারের বাড়ইপাড়া এলাকায় থেকে ব্যবসা করতেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।