তেজগাঁওয়ে খেলার মাঠ নিয়ে ছাত্রদের মধ্যে সংঘর্ষ

খেলার মাঠ নিয়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বিকালে পলিটেকনিকের ছাত্ররা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে গেলে এ সংঘর্ষের সূচনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজেদের মাঠে খেলছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বিকাল ৪টার দিকে ঢাকা পলিটেকনিকের ছাত্ররা ঐ মাঠে খেলতে গেলে তাদের বাধা দেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পলিটেকনিকের ছাত্ররা তাদের হলে ফিরে আসেন। এরপর টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লাঠি, রড নিয়ে পলিটেকনিকের লতিফ হলের সামনে এসে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। জবাবে লতিফ হলের ছাত্ররাও তাদের দিকে ইট-পাটকেল ছোঁড়েন। এক পর্যায়ে লতিফ হলের শিক্ষার্থীরা বের হয়ে ধাওয়া দিলে টেক্সটাইলের ছাত্ররা তাদের শিক্ষকদের আবাসিক এলাকায় ঢুকে পড়েন। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ওসমানি হলের ছাত্ররা এসে লতিফ হলের সামনে অবস্থান নেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।