মানচিত্রে অরুণাচল প্রদেশকে নিজের অংশ হিসাবে দেখাল চীন
প্রকাশ : ২৮ জুন ২০১৪, ২২:৫৭
বাস্তবে না হোক, মানচিত্রে আরো একবার অরুণাচল প্রদেশকে নিজের অংশ বলে দাবি করল চীন। সমপ্রতি চীন একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটিকে বিস্ময়করভাবে চীনের মধ্যে দেখানো হয়েছে। এক দিকে যখন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি পঞ্চশীল চুক্তির ৬০ বছর পুর্তি উপলক্ষে চীনে সৌজন্য সফরে গিয়েছেন, তখন মানচিত্রে অরুণাচলকে নিজের অংশ বলে দাবি করে নতুন করে বিতর্ক তৈরি করল দেশটি। আরও জানা গেছে, অরুণাচল রাজ্যবাসীকে ভিসাও দিচ্ছে চীন! খবর ইন্ডিয়া টাইমসের।
এব্যাপারে ক্ষুব্ধ ভারত বিস্ময় প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘মানচিত্রে দেখালেই প্রকৃত সত্য পাল্টে যায় না। অরুণাচল প্রদেশ ভারতেরই অংশ। সফররত হামিদ আনসারি এই বিতর্ক নিয়ে চীনে উচ্চ পর্যায়ের একটি বৈঠকও করতে পারেন। অরুণাচলের মুখ্যমন্ত্রী নাবাম টুকি এ প্রসঙ্গে বলেন, ‘চীন যেটা করল সেটা অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র বিরোধিতা করছি ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই কেন্দ্র এ ব্যাপারে চীনের সঙ্গে কথা বলে সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান বার করুক।’