ভাষার গ্যাড়াকলে!
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২০:৩৯
জাপানী নারীদের উত্সাহিত করতে এবং তাদেরকে অনুপ্রাণিত করার মাধ্যমে নারী ভোটারদের মন জয় করার জন্যই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে কিছুদিন আগে একটি ব্লগ লিখেছিলেন। তবে এই ব্লগের শিরোনামে জাপানি ভাষার সাথে ইংরেজি ভাষার সংমিশ্রণের কারণে উল্টো বিপাকেই পড়েছেন শিনজো আবে। ঘটনার বিবরণে জানা যায়, শিনজো আবে তার ব্লগের মাধ্যমে এই বার্তাটিই দিতে চেয়েছিলেন যে জাপানি নারীরা যদি ঘরের কাজের পাশাপাশি তাদের কর্মক্ষেত্রেও উন্নতি করতে পারে তাহলে সেটি পক্ষান্তরে দেশটির উন্নতিতেও অবদান রাখবে। তবে এই মূল বক্তব্য নিয়ে লেখা ব্লগটির শিরোনামে ইংরেজি ‘শাইন’ শব্দটির ব্যবহার নিয়েই গোল বেধেছে। এমনিতে প্রচলিত ইংরেজিতে শাইন শব্দটির অর্থ ভালো করা বা চমক দেখানো হলেও এটির বানানের সাথে জাপানি শব্দ ‘শাই-নে’র হুবহু মিল রয়েছে। আর জাপানি ভাষায় এই ‘শাই-নে’ হলে ‘মৃত্যু’ ক্রিয়াপদটির একটি রূপ। তার উপর শব্দটির শেষে থাকা বিস্ময়বোধক চিহ্নটিও একে আরও ব্যাঙ্গাত্মক করে তুলেছে। ফলে জাপানি ভাষায় যদি কেউ এই শিরোনামটিকে পড়তে যান তাহলে এর অর্থ দাঁড়ায় ‘মরো! সকল নারী, একটি চমক লাগানো জাপানের জন্য।’ শুধু তাই নয়, বেশ কিছু জনপ্রিয় ইংরেজি অ্যানিমেশন ছবিতেও ‘শাইন’ শব্দটির ভিন্ন ব্যবহার লক্ষ করা যায় যেখানে এই শব্দটির সাহায্যে খুনীদের মনোবাসনা প্রকাশের ঘোষণা দেওয়া হয়। সবমিলিয়ে একেবারে অনিচ্ছাকৃতভাবেই নারী ভোটারদের মন পাওয়ার বদলে নিজের লেখা দিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন শিনজো অ্যাবে। আর এই ঘটনাটিও এমন এক সময়ে ঘটেছে যখন শিনজোর দলের একজন সদস্যের যৌন সহিংসতামূলক বক্তব্যের কারণে কিছুদিন আগেই সবার কাছে ক্ষমা চাইতে হয়েছে শিনজো আবেকে।