বক্তব্য প্রত্যাহার করতে শামীম ওসমানের প্রতি সাংবাদিক নেতৃবৃন্দের আহ্বান
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২১:৩৪
নারায়ণগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য শামীম ওসমান যে ভাষায় সাংবাদিকদের উপর আক্রমণ করেছেন তার কঠোর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, যশোর, নারায়ণগঞ্জ , ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এ নিন্দা জানান। একই সঙ্গে তারা অবিলম্বে ক্ষমা প্রার্থনা করে বক্তব্য প্রত্যাহারের জন্য শামীম ওসমানের প্রতি আহবান জানান।
শামীম ওসমানকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রবল ক্ষমতাধরদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই এ দেশের সাংবাদিক সমাজ তাদের পেশাগত দায়িত্ব পালন করেন, সকল অপশক্তির মুখোশ উন্মোচন করেন। নারায়ণগঞ্জের ক্ষেত্রেও কোন হুমকি-ধামকির মুখে তা কখনই থেমে যাবে না। সাংবাদিক নেতৃবৃন্দ শামীম ওসমানকে তার কথা, আচরণ, শব্দপ্রয়োগ ও ব্যবহারে সংযত হওয়ার পরামর্শ দেন। সাংবাদিকসমাজ এবং গণমাধ্যম যাতে তাদের মর্যাদা অক্ষুণ্ন রেখে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তেমন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।