সালথায় ৫ গ্রামে পাকা রাস্তা ও বিদ্যুত্ নেই

ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ, রঘুয়ারকান্দি, মোড়হাট, আগুলদিয়া ও খর্দফুকরা গ্রামের মানুষ এখনও নানা অবহেলার শিকার। এ পাঁচটি গ্রামে মাত্র ৩টি ছোট্ট ব্রিজ আছে। ব্রিজগুলোর দুই পাশে যান চলাচলের মত কোন মাটি বা রাস্তা নেই। এখানে নেই কাঁচা-পাকা কোন রাস্তা নেই। এই গ্রামগুলোতে বিদ্যুত্ নেই। নেই কোন আধুনিকতার ছোঁয়া। দুর্ভোগের মধ্যে বসবাস করছেন এসব গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা এবং জনসাধারণ। ভাওয়াল-মোড়হাট গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে মাঠিয়াদী নদী, জয়ঝাপ-বড়দিয়া মধ্য দিয়ে বয়ে গেছে কুমার নদ ও দিয়াপাড়া-জয়ঝাপ বাজারের মধ্য দিয়ে বয়ে গেছে একটি খাল। এই তিন স্থানে কোন ব্রীজ নেই। আগুলদিয়া-মেম্বর গট্টি কাঁচা রাস্তার মাঝে একটি ব্রীজ ও আগুলদিয়া-খর্দফুকরা কাঁচা রাস্তার একটি ব্রীজের দু’পাশে যান চলাচলের মত কোন মাটি নেই। এ ছাড়া বালিয়া বাজার থেকে সালথা পর্যন্ত বাইপাস কাঁচা রাস্তা ও জয়ঝাপ উচ্চ বিদ্যালয় থেকে খর্দফুকরা পর্যন্ত কাঁচা রাস্তা রয়েছে। সামান্য বৃষ্টি হলে এসব রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচলও করতে পারে না স্থানীয়রা। আর এসব গ্রামের জনগণ বিদ্যুতের জন্য বার বার আবেদন করেও কোন লাভ হয়নি। রঘুয়ারকান্দী গ্রামের বাসিন্দা হাজী হারুন আর রশিদ বলেন, এই ৫ গ্রামের মধ্যে রয়েছে কয়েকটি হালট, ২টি কাঁচা রাস্তা, স্বেচ্ছাশ্রমে ৩টি বাঁসের সাঁকো। এগুলোর উপর দিয়ে আমাদের যাতায়াতের ভরসা। ফলে আমাদের জেলা-উপজেলা ও আশপাশের গ্রামে যাতায়াত করতে চরম দুর্ভোগ পোহাতে হয়। কৃষিপণ্য বাজারজাত করতে হয় মাথায় করে নিয়ে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান খান বলেন, এরকম অনুন্নত এলাকায় বসবাস করা সমস্যা। আমরা এসব গ্রাম উন্নতকরণের জন্য বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি।