ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস আজ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২১:৩৮
আজ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। ১৫৯ বছর আগে ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ জুন সংগঠিত হয় ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ। জমিদার ও মহাজন শ্রেণীসহ সমগ্র ইংরেজ শাসন ব্যবস্থাই ছিল সাঁওতালদের উপর নির্মম শোষণ ও নিপীড়নের জন্য দায়ী। এসব শোষণ, নির্যাতন ও অত্যাচার সাঁওতাল আদিবাসীরা মেনে নিতে পারেনি। তারা এ অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে গণসংগ্রামের ডাক দেয়। এই সংগ্রামের নেতৃত্ব দেন, সিঁধু, কানু, চাঁদ ও ভৈরব চার ভাতৃদ্বয়।
এদের নেতৃত্বে ভগলা ডিহির ঐতিহাসিক মহাসমাবেশের পর হাজার হাজার সাঁওতাল আদিবাসী তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে। সেদিন বৃটিশ সরকারের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রায় ১০ হাজার নিরীহ সাঁওতাল আদিবাসী শহিদ হন।
সিঁধু, কানু, সেনাবাহিনীর হাতে ধরা পড়েন। সাঁওতাল বিদ্রোহের অগ্রগামী নেতাদের স্মরণে প্রতি বছর ৩০ জুন সাঁওতাল আদিবাসীরা পালন করে আসছে সাঁওতাল বিদ্রোহ দিবস। দিনাজপুরে বিভিন্ন সামাজিক সংগঠনও এ দিবসটি পালনের লক্ষ্যে দিনব্যাপী পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।