বিএনপি নেতা হত্যাকাণ্ড ৪ দিনেও মামলা হয়নি
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২১:৪০
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ আলীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও গতকাল রবিবার পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে গ্রেফতারের ভয়ে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই স্থানীয় প্রায় এক ডজন নেতা গা ঢাকা দিয়েছেন। এতে জনমনে চলছে নানা গুঞ্জন। এদিকে পুরুষশূন্য খিদিরপুর গ্রামে হামলা ও লুটপাটের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পনের মাস আগে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শামছু মিয়াকে প্রকাশ্যে সাহিতপুর-সোহাগী রাস্তায় চরখিদিরপুর নামক স্থানে যাত্রীবাহী পিকআপ থেকে থামিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। জানা যায়, আওয়ামী লীগ নেতা শামছু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নিহত মোহাম্মদ আলী ও তার ছেলে ওয়াসীম। পরে মোহাম্মদ আলীসহ মামলার অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় অবস্থান করছিল। এলাকায় এসেই ইউনিয়ন বিএনপি’র সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ আলী। এরই মধ্যে গত ২৫ জুন রাতে ঘর থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে মোহাম্মদ আলীকে।