ঈশ্বরগঞ্জে সংঘর্ষে প্রাণ গেল মেধাবী ছাত্রের

ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে প্রাণ গেল গুরুতর আহত মেধাবী ছাত্র মোনায়েম হোসেন খোকনের। জানা যায়, গত ১৭ জুন উপজেলার খালবলা বাজারে প্রতিপক্ষ আবুল কাসেম গংরা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আ. রশিদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে তছনছসহ ব্যাপক লুটতরাজ করে। উক্ত সম্পত্তির উপর ১৪৪ ধারা জারি থাকার পরও আবুল কাসেমের লোকজন আ. রশিদের লোকদের মারপিট ও কুপিয়ে কমপক্ষে ১২ জনকে গুরুতর জখম করে। তন্মধ্যে রশিদের ভাতিজা কিশোরগঞ্জ গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ফাইনাল ইয়ারের মেধাবী ছাত্র মোনায়েম হোসেন খোকন গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। অবশেষে চিকিত্সাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজে গত ২৮ জুন খোকন মারা যায়। খোকনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।