আর্জেন্টাইনদের হারানোর স্বপ্ন দেখছে সুইসরা
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২১:৫৩
সুইজারল্যান্ড নক আউট পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলায় ঐতিহাসিক জয় আশা করছে। সাও পাওলোতে অনুষ্ঠেয় খেলাটিতে ব্রাজিলিয়রা সুইজারল্যান্ডকে সমর্থন করবে বলেই মনে করেন সুইস গোলরক্ষক ডিয়াগো বেনাগলিও।
অতীত ইতিহাস অবশ্য সুইজারল্যান্ডের বিপক্ষেই কথা বলছে। কেননা সুইসরা আগের ছয় মোকাবেলায় দুই ড্রয়ের বিপরীতে চার হারের পর সপ্তম মোকাবেলায় আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম জয়ের চেষ্টা চালাতে যাচ্ছে সাও পাওলোতে। দুইদলের মধ্যকার সর্বসাম্প্রতিক দুটি লড়াইয়ে ২০০৭ সালে বাসেলে ১-১ গোলে আর্জেন্টিনাকে রুখে দিতে সক্ষম হয়। কিন্তু পরেরটিতে ২০১২ সালে ৩-১ ব্যবধানে হারতে হয়েছে তাদের। চারবারের বর্ষ সেরা লিওনেল মেসি ওই খেলাটিতেই জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পান।
তাই মেসিকে নিয়ে অত্যন্ত সতর্ক তারা। মেসির সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বেনাগলিও বলেন, ‘মেসির খেলার ভাগ্য নির্ধারণের মতো প্রতিভা রয়েছে। তাই তাকে মোকাবেলার জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। শুধু মেসি নয়, তাদের দলের অন্যদের বিষয়েও আমরা সতর্ক। মেসিকে আটকে রাখাটা কঠিন কিন্তু তাদের দলের অন্যরাও খুব ভয়ংকর। মেসি আর্জেন্টিনার মূল খেলোয়াড় হলেও তাকে ঘিরেই তাদের খেলার পরিকল্পনা সীমাবদ্ধ থাকে না। মেসির দক্ষতার সব দিক সম্পর্কে আমাদের জানা আছে এবং এটা আমাদের বেশ সাহায্য করবে।’
মেসিকে সামলানোর দায়িত্ব পড়বে ডিফেন্ডার ফ্যাবিয়ান শারের উপর। এছাড়াও ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সের্জিও অ্যাগুয়েরো খেলতে পারছেন না বলেও কিছুটা হাঁফ ছেড়ে বাঁচতে পারে সুইস ডিফেন্ডাররা। যদিও তার জায়গায় খেলবেন এজেকুয়েল ল্যাভেজ্জি।
আর্জেন্টিনার বিপক্ষে জিততে হলে দলের সবাইকে অসাধারণ নৈপুণ্য দেখাতে হবে বলে মনে করেন ৩০ বছর বয়সী বেনাগলিও। তিনি বলেন, ‘ভালো ফল করতে হলে এদিন দলের প্রত্যেক খেলোয়াড় থেকেই ব্যতিক্রমধর্মী একটি পারফরম্যান্স প্রদর্শন করতে হবে। আর্জেন্টিনার বিপক্ষে জিতে আমরা ইতিহাস রচনা করতে চাই।
সুইসরা এই খেলাটিতে জিতে ৬০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছে। সাওপাওলোতে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরা সুইজারল্যান্ডকে সমর্থন জানাবে বলেও মনে করেন ডিয়াগো বেনাগলিও। ব্রাজিলিয়ানদের সমর্থন সম্পর্কে বেনাগলিও বলেন, ‘আশা করি নিজেদের মাঠে খেলার মতোই দর্শকদের সমর্থন পাবো আমরা। এখন পর্যন্ত যে কয়জন ব্রাজিলিয়ানের সাথে কথা হয়েছে তাদের সবাই আমাদের সমর্থন জানিয়েছেন। ব্রাজিলিয়ানরা আমাদের পাশেই থাকবেন।’
উল্লেখ্য, কোচ আলেসান্দ্রো সাবেলার দলটি ‘এফ’ গ্রুপে বসনিয়া ও হারজেগোবিনা, ইরান ও নাইজেরিয়াকে হারিয়ে পুরো নয় পয়েন্ট নিয়ে শেষ ষোলয় সুইজারল্যান্ডকে পেয়েছে প্রতিপক্ষ হিসাবে।