এখনই বিদায় বলছেন না ফোরলান
প্রকাশ : ২৯ জুন ২০১৪, ২২:০৩
এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না উরুগুয়ের দিয়েগো ফোরলান। বিশ্বকাপের চলতি আসরে নিষ্প্রভ হয়ে থাকা এই তারকা গত শনিবার রাতে উরুগুয়ের বিদায়ের পর একথা বলেন।
দক্ষিণ আফ্রিকায় গত বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত ৩৫ বছর বয়সী ফোরলানকে চলতি টুর্নামেন্টে প্রতি ম্যাচেই লুইস সুয়ারেজের বদলি হিসাবে মাঠে নামতে হয়েছে।
হাঁটুর অস্ত্রোপচার থেকে সুয়ারেজ সুস্থ হয়ে না ওঠায় গ্রুপপর্বে কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে পরাজিত ম্যাচে এক ঘন্টা খেলেছেন ফোরলান। এরপর নক-আউট পর্বে শনিবার কলম্বিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হওয়া ম্যাচে খেলেছেন ৫৩ মিনিট। সেটাও ইতালি ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড় দেয়ার অপরাধে সুয়ারেজ নিষিদ্ধ হওয়ায়। এ পরাজয়ের ফলে ২০১০ সেমিফাইনালিস্ট উরুগুয়ে দল ব্রাজিল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিল।
ফোরলান বলেন, ‘আমি ফুটবল খেলতে চাই। আমি এখনো মাঠে নামতে ভালবাসি। একটা প্রজন্মের পরিবর্তন হচ্ছে অর্থাত্ নতুন প্রজন্ম এসেছে আমি জানি। এটা স্বাভাবিক এবং আমার বয়স এখন ৩৫। কিন্তু আমি সব সময় সাহায্য করতে চাই, পাশে থাকতে চাই।’
ইতোপূর্বে ম্যানচেস্টার ইউনাইটেড, ভিলারিয়াল, এ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টারমিলানের হয়ে খেলা ফোরলান এ বছরের প্রথম দিকে জাপানি ক্লাব কেরেজো ওসাকার সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন এবং চুক্তির মেয়াদ পূর্ণ করার আশা করছেন। আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়ার কারণ হিসাবে গত বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী তারকাটি বলেন, ‘ব্যক্তিগত পর্যায়ের কথা উল্লেখ করতে হলে বলা যায় জাতীয় দলের হয়ে জয়ী পাওয়া এবং উপভোগ করার অভিজ্ঞতা আমার এত বেশী যা আমি আগে কল্পনাও করতে পারিনি।’-বাসস।