আবাহনী-মোহামেডান পেশাদার লিগে ৩য় লড়াইয়ে মুখোমুখি আজ

ফুটবল বিশ্বকাপের সময়ে অনেকটা নীরবে নিভৃতে আজ সোমবার পেশাদার ফুটবল লিগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী-মোহামেডানের লড়াই। নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় লড়াইয়ে আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২২ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে লিগ শিরোপার লড়াইয়ে অনেক এগিয়ে আছে। নিজেদের পরের পাঁচ খেলায় আর ৭ পয়েন্ট পেলেই ট্রফি নিশ্চিত ধানমন্ডির ক্লাবটির। অপরদিকে ২১ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী। মোহামেডান সমানসংখ্যক খেলায় ৩৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। চলতি মৌসুমের হিসাবে এটি তাদের ষষ্ঠ লড়াই। আগের খেলাগুলোয় ফেডারেশন কাপে আবাহনী ২-০ গোলে মোহামেডানকে হারায়। স্বাধীনতা কাপে ১-১ গোলে করে উভয় দল। একই টুর্নামেন্টের সেমিফাইনালে মোহামেডান ১-০ গোলে হারায় আবাহনীকে। বিপিএলের প্রথম সাক্ষাতে আবাহনী ১-০ গোল মোহামেডানকে হারায়। কিন্তু দ্বিতীয়টিতে মোহামেডান ১-০ গোলে আবাহনীকে হারিয়ে শোধ নেয়।